ময়মনসিংহে কলেজছাত্রকে আটকে রেখে নির্যাতন, ছিনতাই ৩৫ হাজার টাকা ও মোবাইল | Daily AjKaler Kontho

ময়মনসিংহে কলেজছাত্রকে আটকে রেখে নির্যাতন, ছিনতাই ৩৫ হাজার টাকা ও মোবাইল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
ময়মনসিংহে কলেজছাত্রকে আটকে রেখে নির্যাতন, ছিনতাই ৩৫ হাজার টাকা ও মোবাইল

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর সানকিপাড়া নয়নমনি মার্কেট এলাকায় এক কলেজছাত্রকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে বাড়ির মালিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, নির্যাতনের পাশাপাশি ছাত্রের কাছ থেকে ৩৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী মো. তুষার আহম্মেদ (২০) কোতোয়ালী মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার ‘ফাতেমা মঞ্জিল’ ভবনে ভাড়া থাকতেন। গত ২৪ জুন সকাল ৮টার দিকে বাড়ির মালিক মো. রেজাউল করিম (৪৫) ও তার স্ত্রী মোছা. ফাতেমার (৪০) নির্দেশে ৫-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার ভাড়া বাসায় প্রবেশ করে। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

তুষার জানান, প্রতিবাদ করায় হামলাকারীরা তাকে আটকে রেখে শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও ব্লেড দিয়ে মারধর করে। এতে তার শরীরে গুরুতর জখম হয়। এসময় তারা তার ঘর থেকে কলেজ ফি ও ভাড়ার জন্য রাখা নগদ ৩৫ হাজার টাকা এবং একটি স্মার্টফোন নিয়ে যায়।

পরবর্তীতে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তুষার ও তার মাকে উদ্ধার করে। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার বাবা-মাকেও হুমকি দিয়েছে এবং ভবিষ্যতে তাদের বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো