আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রস্তুতি গ্রহণের আহবান জানালেন : ড. ফরিদুজ্জামান ফরহাদ | Daily AjKaler Kontho

আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রস্তুতি গ্রহণের আহবান জানালেন : ড. ফরিদুজ্জামান ফরহাদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রস্তুতি গ্রহণের আহবান জানালেন : ড. ফরিদুজ্জামান ফরহাদ

কাজী ইমরান,নড়াইল প্রতিনিধি : লোহাগড়ায় ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) এনপিপি লোহাগড়া পৌর ও উপজেলা শাখার উদ্যোগে এনপিপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। সামনে ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৮ সালে নড়াইল-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ওই নির্বাচনে আমি আমার নিজের ভোটটি দিতে পারি নাই। তবে এবার আর যাই হোক, দিনের ভোট রাতে হবে না। তিনি আরও বলেন, ২০১৮ সালে আমার নির্বাচনী প্রচারনার সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার উপস্থিতিতে আমাদের গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। অনেক মোটরসাইকেল ভাংচুর করে আওয়ামী সন্ত্রাসীরা। আমার নির্বাচনী অফিস পর্যন্ত ভাংচুর করে দেয় ওই সন্ত্রাসীরা। ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দলের এমপি মন্ত্রীরা এদেশের টাকা লুট করে নিয়ে বিদেশে পালিয়ে গেছে। যারা পালিয়ে যায় তারা কখনও ফিরে আসে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আর ফেরার সম্ভবনা নেই। তারা এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এজন্য দেশের প্রতিটি নাগরিককে সজাগ থাকতে হবে।
তিনি সকলকে আগামী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে কাজ করার জন্য আহবান জানান।

এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, পৌর এনপিপির নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, মো. আজগর আলীসহ প্রমূখ।

মতবিনিময় সভায় এনপিপির লোহাগড়া পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।