বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি, পায়রাসহ ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল | Daily AjKaler Kontho

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি, পায়রাসহ ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি, পায়রাসহ ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর প্রভাব পড়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীসহ আশপাশের অঞ্চলে। গত দুইদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে এবং বাতাসের চাপও বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চারটি সমুদ্রবন্দর—পায়রা, চট্টগ্রাম, মংলা ও কক্সবাজারকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সমুদ্রগামী মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য দেশের সাতটি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজকালের কন্ঠ/রাহাত/মিজান