ইরান থেকে শীঘ্রই ফিরছেন ২৮ বাংলাদেশি, সহায়তা করছে পাকিস্তান | Daily AjKaler Kontho

ইরান থেকে শীঘ্রই ফিরছেন ২৮ বাংলাদেশি, সহায়তা করছে পাকিস্তান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ১:৪৯ পূর্বাহ্ন
ইরান থেকে শীঘ্রই ফিরছেন ২৮ বাংলাদেশি, সহায়তা করছে পাকিস্তান

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশিদের প্রথম দলটি (২৮ জন) সড়কপথে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে। পাকিস্তান সরকারের সহায়তায় তারা শীঘ্রই করাচি যাবেন এবং সেখান থেকে বিমানযোগে বাংলাদেশে ফিরবেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মোট ২৮ বাংলাদেশি নাগরিকের এই দলটিকে পাকিস্তান সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। অচিরেই তারা করাচি পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানযোগে দেশে ফিরবেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অন্য প্রত্যাবাসন ইচ্ছুক বাংলাদেশিদের দেশে ফেরাতে সহযোগিতা অব্যাহত রাখবে। তেহরানে বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরানে থাকা বাংলাদেশিদের জরুরি সহায়তার জন্য দূতাবাস দুটি হটলাইন নম্বর চালু করে, যাতে নাগরিকরা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে আরও বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ চলছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এই প্রক্রিয়ায় সমন্বিতভাবে কাজ করছে।