আলীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন: সচেতনতামূলক র‍্যালি ও ফলজ চারা বিতরণ | Daily AjKaler Kontho

আলীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন: সচেতনতামূলক র‍্যালি ও ফলজ চারা বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৩, ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
আলীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন: সচেতনতামূলক র‍্যালি ও ফলজ চারা বিতরণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটার আলীপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫।

সোমবার (২৩ জুন) বেলা ১১টায় কারিতাস বরিশাল অঞ্চলের ‘প্রয়াস প্রকল্প’-এর উদ্যোগে আলহাজ্ব আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফলজ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) এর কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান এবং কারিতাস কলাপাড়া অঞ্চলের মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন। সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। বাড়িতে বেশি বেশি গাছ লাগাতে হবে, অপ্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার নিশ্চিত করাও পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।

পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে শতাধিক শিক্ষার্থীর মধ্যে আমের ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহের সাথে অংশ নেয় এবং নিজ নিজ বাড়িতে গাছ লাগানোর অঙ্গীকার করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস মহিপুর অফিসের মার্কেটিং অফিসার অসিম কুমার বিশ্বাস।

আজকালের কন্ঠ/রাহাত/মিজান