শালিশে দোষী সাব্যস্ত হয়েও মিথ্যা মামলা ও খুনের হুমকি থানায় অভিযোগ | Daily AjKaler Kontho

শালিশে দোষী সাব্যস্ত হয়েও মিথ্যা মামলা ও খুনের হুমকি থানায় অভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৮, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
শালিশে দোষী সাব্যস্ত হয়েও মিথ্যা মামলা ও খুনের হুমকি থানায় অভিযোগ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও খুনের হুমকির অভিযোগ উঠেছে। তারাকান্দার গালাগাঁও এলাকার বাসিন্দা মোঃ শিহাবুল ইসলাম রুবেল এ ঘটনায় তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে রুবেল উল্লেখ করেন, দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী মোঃ ফজলুল হক ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিশে বিবাদীরা দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে তারা বিভিন্ন সরকারি দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে রুবেল সহ তার পরিবারের সদস্যদের হয়রানি করে যাচ্ছে।

সর্বশেষ গত ৮ জুন বিকাল ৩টায় অভিযুক্তরা তারাকান্দা সেনা ক্যাম্পে গিয়ে রুবেলদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে। শুধু তাই নয়, রুবেল অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে বলাবলি করছে যে, তারা সুযোগ পেলে রুবেল সহ তার পরিবারকে খুন করে লাশ গুম করে ফেলবে অথবা মিথ্যা মামলায় ফাঁসাবে।

এ ঘটনায় রুবেল আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমার পরিবারের সদস্যদের জীবন এখন হুমকির মুখে। যে কোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।”

অভিযোগে বিবাদীদের নাম উল্লেখ করা হয়েছে— ফজলুল হক (৬৫), তার পুত্র আশরাফ আলী (৪০), আল-আমিন (৩৫) এবং আশরাফের পুত্র শাফায়াত উল্লাহ (২৩)। সকলেই একই বাড়ির বাসিন্দা এবং একই গোষ্ঠির সদস্য।

তিনি আরো জানান, ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী ও সাক্ষী রয়েছেন, যারা তদন্তে বিষয়টির সত্যতা প্রমাণ করতে পারবেন।

স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

এ বিষয়ে তারাকান্দা থানার টিপু সুলতান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”