আত্রাইয়ে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ | Daily AjKaler Kontho

আত্রাইয়ে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৮, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
আত্রাইয়ে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মোঃ আরিফ হোসেন, আত্রাই রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। শিশুর বাবা মুন্না আহম্মেদের দাবি, হাসপাতালের অবহেলায় তার নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনি আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মুন্না আহম্মেদ নাটোরের সিংড়া উপজেলার পাড়েরা গ্রামের মোস্তফা আলীর ছেলে। তিনি জানান, গর্ভবতী স্ত্রী মুন্নি খাতুনকে ১৩ জুন সেভেন স্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিজারের মাধ্যমে ডেলিভারির পর শিশু ও মা অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ অন্য হাসপাতালে রেফার করতে বলে।

কিন্তু অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সহযোগিতা না করায় শিশুটিকে গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। মুন্না দাবি করেন, সময়মতো সহযোগিতা পেলে তার সন্তান বাঁচতে পারত।

হাসপাতালের পরিচালক এহসানুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। শিশুকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছিল, যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

আত্রাই থানার ওসি (তদন্ত) মো. কাওছার আলম বলেন, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।