
ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের কাচারিঘাটে একটি সেতুর আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন দুই লক্ষাধিক মানুষ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে নৌকায় যাতায়াত করছেন, যা শুধু সময়সাপেক্ষই নয়, বরং দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিরও জন্ম দিচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী—সবারই এই যাতায়াতে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে না পারা শিক্ষার্থীদের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চাকরিজীবীরাও অনেক সময় তাদের কর্মস্থলে ঠিক সময়ে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন, যার প্রভাব পড়ছে পেশাগত জীবনে।
চরম সমস্যা দেখা দিয়েছে জরুরি সেবা খাতে। কাচারিঘাট সংলগ্ন চরাঞ্চলে ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে বিপদে পড়লে গ্রামবাসীদের সাহায্য পাওয়া দুষ্কর হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁরা একটি ব্রিজের দাবি জানিয়ে আসছেন, তবে এখন পর্যন্ত বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যায়নি। তাদের মতে, একটি ব্রিজ নির্মাণ করা হলে শুধু যাতায়াত ব্যবস্থাই উন্নত হবে না, বরং শিক্ষাসহ সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।
জনগণের স্বার্থে কাচারিঘাটে একটি ব্রিজ এখন সময়ের দাবি।
আপনার মতামত লিখুন :