শরীয়তপুর জেলায় কাফনের কাপড় পরে ছাত্রদলের একাংশের বিক্ষোভ মিছিল | Daily AjKaler Kontho

শরীয়তপুর জেলায় কাফনের কাপড় পরে ছাত্রদলের একাংশের বিক্ষোভ মিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৯, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শরীয়তপুর জেলায় কাফনের কাপড় পরে ছাত্রদলের একাংশের বিক্ষোভ মিছিল

মো: নাসির খান (শরীয়তপুর) : শরীয়তপুর জেলা ছাত্রদলের সদ্য কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের একাংশ।

আজ দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে শেষ হয়।

জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে এইচ. এম. জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

এরপর থেকেই আন্দোলন ছড়িয়ে পড়ে ছাত্রদলের একাংশের নেতাকর্মীদের মধ্যে। মিছিল-পাল্টা-মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত ছিল জেলা শহরের পরিবেশ। বিকেলের দিকে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের সমর্থকরা। নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করে তারা।

ছাত্রদলের একাংশের নেতা এবং আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নূর বলেন, ‘এই কমিটি গঠনতন্ত্র লঙ্ঘন করে অছাত্র ও বিবাহিতদের দিয়ে গড়া, যা ছাত্র রাজনীতির জন্য চরম অপমানজনক। তাই গঠনতন্ত্র পরিপন্থী এই অবৈধ কমিটি আমরা মানি না। অতি দ্রুত যোগ্য লোকদের দিয়ে পুনরায় কমিটি করা হোক। যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল করা না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে নতুন কমিটির আহ্বায়ক এইচ. এম. জাকির বলেন, ‘কেন্দ্রীয় কমিটি শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কিন্তু কিছু দুষ্টলোক, যারা নিজেদের ছাত্রদল মনে করে, কিন্তু তারা ছাত্রদলের না। তারা আওয়ামী লীগের লোকজন সঙ্গে নিয়ে মিছিল করে শরীয়তপুর শহরটাকে অশান্ত করে তুলছে।’