বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমে উঠেছে বরিশালের বৃহত্তম পশুর হাট | Daily AjKaler Kontho

বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমে উঠেছে বরিশালের বৃহত্তম পশুর হাট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩০, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন
বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমে উঠেছে বরিশালের বৃহত্তম পশুর হাট

জিয়াউল হক, বরিশাল প্রতিনিধি : বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দক্ষিণাঞ্চলে বইছে বৈরী আবহাওয়া। আর এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বরিশাল জেলার বাকেরগঞ্জে আজ ৩০ মে (শুক্রবার) সকাল থেকেই কোরবানির ঈদ উপলক্ষে জমে উঠেছে জেলার বৃহত্তম পশুর হাট।

বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণের শেষ প্রান্তে পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের চেয়ারম্যানহাট পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌপথে ও সড়ক পথে পাইকারা আসছেন গরু নিয়ে। আর পাইকারদের এই গরু বিক্রয় হবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। দক্ষিণাঞ্চলের বৃহত্তম এই রঘুনাথপুর চেয়ারম্যান হাটে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার ক্রেতারা আসছেন কোরবানির পশু কিনতে। হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া, হাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করছে।
জেলার অন্যতম এই পশুর হাটে ইতোমধ্যেই ছোট বড় বিভিন্ন সাইজের গরুর ব্যাপক আমদানি হয়েছে। যশোর, কুষ্টিয়া, খুলনার বিভিন্ন খামার থেকে পাইকাররা বড় বড় গরু নিয়ে আসছেন। আর এসব গরুর দাম ২ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত রয়েছে।
এছাড়াও স্থানীয় পাইকার ও গরুর খামারিরা হাজার হাজার গরু নিয়ে আসছেন বিক্রি করতে। আর স্থানীয় এ সব গরু ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা দামের গরু রয়েছে।বরিশালের এই বৃহত্তম পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা এখন তুঙ্গে।  ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় হাটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
তবে গত বছরের তুলনায় চলতি বছরে কুরবানীর হাটে গরুর দাম অনেকটাই কম বলে জানিয়েছেন ক্রেতারা।আর হাটে আসা ক্রেতারা কুরবানীর জন্য তার পছন্দের গরুটি কিনে বাড়ি ফিরছেন। হাটে গরু কিনতে আসা ক্রেতা ফিরোজ হাওলাদার জানান, এই বছর বাজারে তেমন কোন ইন্ডিয়ান গরু নেই। আমাদের দেশীয় ষাঁড় গরুই বেশি। গতবছরের তুলনায় এই বছর গরুর দাম অনেক কম। আমি একটি দেশি ষাঁড় গরু ক্রায় করেছি ৮০ হাজার টাকায়।
হাট ইজারাদার নজরুল ইসলাম লিখন জানান, এই বছর আমি ৬০ লাখ টাকায় হাট ইজারা নিয়েছি। কোরবানির ঈদ উপলক্ষে এই পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিশ্চিন্তে পাইকাররা গরু নিয়ে আসছেন বিক্রয় করতে। আজ সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার ক্রেতারা আসছেন নির্বিঘ্নে তাদের পছন্দের গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি প্রশাসনিক ব্যাপক নিরাপত্তার ব্যাবস্থা রয়েছে।