
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : বঙ্গোপসাগরের উত্তরাংশ ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় উপকূলীয় জেলাগুলোতে আবহাওয়া খারাপ হয়ে উঠেছে। এর প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে মাঝারি ধরণের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। উপকূলের অনেক জায়গা শুক্রবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও আকাশজুড়ে ঘন মেঘের উপস্থিতি রয়ে গেছে।
স্থানীয়রা জানান, সাগরে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে। নদ-নদীগুলোর পানির উচ্চতাও সামান্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে উপকূলীয় অঞ্চলে বসবাসরত জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সাগর কিছুটা উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে পায়রা, চট্টগ্রাম এবং মোংলা সমুদ্রবন্দরসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মাছ ধরার ট্রলার ও নৌযানসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়। ##
আপনার মতামত লিখুন :