মোটরসাই‌কেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃ'ত্যু, গুরুতর আ'হত মা ও ভাবি | Daily AjKaler Kontho

মোটরসাই‌কেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃ’ত্যু, গুরুতর আ’হত মা ও ভাবি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২২, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
মোটরসাই‌কেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃ’ত্যু, গুরুতর আ’হত মা ও ভাবি

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় দাঁড়িয়ে থাকা রোলারের সাথে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দশম শ্রেণির সালমান মল্লিক (১৮) নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন তার মা ও ভাবি। আশঙ্কাজনক অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২১ মে) রাত ৮ টার দিকে উপজেলার কুন্দসী – পাচুড়িয়া আঞ্চলিক সড়কের দোয়া মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান মল্লিক দোয়া মল্লিকপুর গ্রামের মৃত মো. শহীদ মল্লিকের ছেলে। সে মঙ্গলহাটা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি বিভাগে দশম শ্রেণিতে পড়াশোনা করছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে সালমান তার মা চায়না বেগম ও ভাবি তাহেরাকে নিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা এক স্বজনের জন্য খাবার দিতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে দোয়া মল্লিকপুর গ্রামে আজিজুর রহমান মোয়াজ ডাক্তারের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোড রোলারে ধাক্কা লাগে। এতে সালমানসহ অন্য দু’জন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন। আহত চায়না বেগম ও তাহেরাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।