অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন শরীয়তপুরের হাসিব আজিজ | Daily AjKaler Kontho

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন শরীয়তপুরের হাসিব আজিজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন শরীয়তপুরের হাসিব আজিজ

মো: নাসির খান (শরীয়তপুর) : ডিআইজি পদমর্যাদা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার বিপিএম পদোন্নতি পেয়ে হাসিব আজিজ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার উপসচিব মো. তৌহিদ বিন হাসানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে ১৮ মে সোমবার এ পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।

তাঁর বাবা এম আজিজুল হক (বাচ্চু) বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চরাঞ্চলের চরভাগা ইউনিয়নের ঐতিহ্যবাহী বকাউল বাড়ির একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

২০২৩ সালের ৫ সেপ্টেম্বর সিএমপির ৩৩ তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন ডিআইজি হাসিব আজিজ। এর আগে তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে সিএমপিতে যোগ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, হাসিব আজিজ ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম (১৯৯৫) এবং যুক্তরাজ্যের হাল ইউনিভার্সিটি থেকে এমএ (২০০৫) ডিগ্রি অর্জন করেছেন।

১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং ২০০২ সালে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।