
কাজী ইমরান,নড়াইল প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলার ঘটনায় নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জড়িত থাকার অভিযোগ করে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (১৯ মে) দুপুরে নড়াগাতি থানা বিএনপির একাংশের আয়োজনে স্থানীয় বড়দিয়া বিএনপি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নড়াগাতি থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বুলবুল কবীর লিখিত বক্তব্যে বলেন, গাড়ি বহরে হামলার ঘটনা ঘটলেও সেটা গাড়ি বহরে থাকা লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।
বিএনপির সিনিয়র নেতা আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে থাকা আওয়ামী নেতা কর্মীরা উদ্দেশ্য প্রনোদিত হয়ে পরিকল্পিতভাবে উক্ত ঘটনা ঘটিয়েছে তার প্রমাণ স্বরুপ ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এই অনাকাঙ্খিত ঘটনার জন্য আমরা নড়াগাতি থানা বিএনপির সভাপতি সম্পাদকসহ সকল নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করছি ও তীব্র প্রতিবাদ জানাই।
জেলা বিএনপির সভাপতির নির্দেশে বা তার কোন সমর্থক বা নড়াগাতি থানা বিএনপি ও সহযোগী সংগঠনের কোন নেতা কর্মী কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং এ হামলার ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেন না। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিএনপির একটি পক্ষ জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং তার সমর্থকদের নামে মিথ্যা অপবাদ দিয়ে মান সম্মান ক্ষুন্ন করার জন্য চেষ্টা করছেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি বি.এম নওশের আলী প্রমুখ।
প্রসঙ্গত, রোববার (১৮ মে) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট একটি মোটরসাইকেল বহর নিয়ে কালিয়ায় একটি অনুষ্ঠানে আসার পথে নড়াগাতি থানার যোগানিয়া এলাকায় আসলে সন্ত্রাসী হামলার শিকার হন। এ হামলায় তিনিসহ কমপক্ষে ২০ জন আহত হন এবং কমপক্ষে ২০টি মোটরসাইকেল ভাংচুর ও ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।
এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সমর্থক নড়াগাতী থানা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি গ্রুপকে দায়ি করে স্থানীয় বিএনপির একাংশ রোববার সন্ধ্যার পর কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ প্রমুখ।
তবে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এ অভিযোগ অস্বীকার করে তিনি ঘটনার সময় ঢাকায় ছিলেন বলে জানান। তিনি বলেন, কে বা কারা এই হামলা করেছে তা আমার জানা নেই। আমার কোন লোকজনের এখানে কোন সংশ্লিষ্টতা নেই।নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, বিষয়টি আমাদের নলেজে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি এবং কেউ গ্রেফতারও হয়নি। তবে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
আপনার মতামত লিখুন :