র‌্যাব -১৩ নীলফামারী ক্যাম্পের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার-১ | Daily AjKaler Kontho

র‌্যাব -১৩ নীলফামারী ক্যাম্পের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার-১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৬, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন
র‌্যাব -১৩ নীলফামারী ক্যাম্পের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার-১
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২, নীলফামারী ক্যাম্পের একটি  দল অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে। সেই সাথে এই কাজে জড়িত একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।
র‌্যাব-১৩ এর মিডিয়া সেল থেকে শুক্রবার (১৬ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার চোরাকারবারির নাম মো. আবু বক্কর সিদ্দীক (২৯)। সে পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার মাদারের ঝাড় এলাকার মোবারক শেখ এর ছেলে।
এতে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের দেবিগঞ্জ থানা এলাকার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব-১৩। এসময় ওই এলাকার গাধোয়া পুকুর সংলগ্ন ওমর আলীর ছেলে মো. মুকুল (৪২) এর বসতবাড়ীর উঠান থেকে একটি কালো কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করে।
মূর্তিটি ৩২ ইঞ্চি দৈর্ঘ্য, ১৩.৫ ইঞ্চি প্রস্থ এবং ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের। যার আনুমানিক মূল্য এক কোটি পঞ্চাশ হাজার টাকা। এই মূর্তি চোরাচালানের সাথে জড়িত থাকায় চিহ্নিত চোরাকারবারি মো. আবু বক্কর সিদ্দীক কে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। সে মূর্তিটি তার শ্বশুর মো. মুকুলের বাড়িতে লুকিয়ে রেখেছিল।