
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তার ও ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের সার্ভিস জেটিতে শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন, ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি টাকার সম্পদ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা ১১টার দিকে, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে। স্থানীয় ব্যবসায়ী শাহিন মৃধার মালিকানাধীন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সেটিতে অগ্নিসংযোগ করা হয়। হামলায় আহত হন দোলন মৃধা, মিরাজ ও সাব্বির নামে তিন যুবক। এছাড়া ভাঙচুর করা হয় একটি প্রাইভেটকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিনের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ৫০-৬০ জনের একটি দল শাহিন মৃধার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
হামলার সময় শাহিন মৃধা প্রতিষ্ঠানটির ভেতরেই অবস্থান করছিলেন। তবে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”
আপনার মতামত লিখুন :