৯০৯ নাগরিক ইমেইলে দুর্নীতির তথ্য, শুরু হয়েছে তদন্ত কার্যক্রম | Daily AjKaler Kontho

৯০৯ নাগরিক ইমেইলে দুর্নীতির তথ্য, শুরু হয়েছে তদন্ত কার্যক্রম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১২, ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
৯০৯ নাগরিক ইমেইলে দুর্নীতির তথ্য, শুরু হয়েছে তদন্ত কার্যক্রম

আজকালের কন্ঠ ডেস্ক : গত ১৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাগরিকদের ইমেইলের মাধ্যমে ঘুষ, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম সম্পর্কিত অভিযোগ ও পরামর্শ প্রদান করতে আহ্বান জানান।

এই আহ্বানের পরিপ্রেক্ষিতে ১১ মে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ৯০৯টি ইমেইল প্রাপ্ত হয়েছে। এই ইমেইলসমূহের একটি প্রাথমিক বিশ্লেষণ চালানো হয়েছে এবং প্রথম ৪০০টি ইমেইল পর্যালোচনা করে মোট ১২৮টি অভিযোগ ও পরামর্শকে আমলযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই ১২৮টি আমলযোগ্য অভিযোগ ও পরামর্শের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত ৪৪টি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত ৪টি পাওয়া গেছে।

বাকি অভিযোগ ও পরামর্শগুলো বিভিন্ন অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত ৩২টি, ভূমি মন্ত্রণালয় ১৬টি, বাংলাদেশ নির্বাচন কমিশন ৮টি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৬টি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৫টি, রেলপথ মন্ত্রণালয় ৫টি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ৪টি, পানি সম্পদ মন্ত্রণালয় ২টি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ৩টি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২টি, শিক্ষা মন্ত্রণালয় ২টি এবং বাণিজ্য মন্ত্রণালয় ২টি অভিযোগ/পরামর্শ প্রাপ্ত হয়েছে।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, সরকারি কর্ম কমিশন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিটির বিষয়ে একটি করে অভিযোগ বা পরামর্শ এসেছে। উল্লেখযোগ্য যে, ১৭টি অভিযোগ ও পরামর্শ একাধিক মন্ত্রণালয় বা দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট।