উল্লাপাড়ায় সদস্যপদ স্থগিত হওয়া বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

উল্লাপাড়ায় সদস্যপদ স্থগিত হওয়া বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৪, ২০২৫, ৭:১০ অপরাহ্ন
উল্লাপাড়ায় সদস্যপদ স্থগিত হওয়া বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা থেকে সদস্যপদ স্থগিত হওয়া উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রোববার দুপুরে উল্লাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে নেতৃবৃন্দ উপজেলা বিএনপিকে সুসংগঠিত, গতিশীল ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা রাখার স্বার্থে তাদের সদস্যপদ স্থগিত আদেশ প্রত্যহারের আহবান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার। এ সময় তিনি বলেন, প্রায় ১৬ বছর তারা আওয়ামী দুঃশাসনের সময় ব্যাপক নির্যাতন সহ্য করেছেন। বহু মিথ্যা ও গায়েবী মামলায় বছরের পর বছর জেল খেটেছেন। জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের পর এখন নতুন করে দল পূনর্গঠন, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার কাজ শুরু করেছেন। এ অবস্থায় তাদেরকে কোন প্রকার কারণ দর্শানো নোটিশ না দিয়ে সরাসরি সদস্যপদ স্থগিত আদেশ দিয়েছে জেলা বিএনপি। আর এতে তারা বিষ্মিত হয়েছেন। হেলাল সরকার আরও বলেন, আমরা বিএনপিকে ভালবাসি। এই সংগঠনকে আমাদের প্রাণের সংগঠন হিসাবে মনে করি। তিনি কোন দলের কথা উল্লেখ না করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি দলের কেন্দ্রীয় প্রভাবশালী নেতা হেভিওয়েট প্রার্থী সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে প্রতিদ্বন্দিতা করবেন। সে ক্ষেত্রে আগামী সংসদ নির্বাচন এই আসনের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। বিধায়, বিএনপিকে সুসংগঠিত করে এই আসনে নির্বাচনে জয় নিশ্চিত করতে সকল নেতা-কর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আর এই আলোকে আমরা স্থগিতাদেশ প্রাপ্ত নেতারা আমাদেরকে সপদে বহাল করতে সংগঠনের উর্ধতন নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে সদস্যপদ স্থগিত হওয়া নেতৃবৃন্দর মধ্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, সাবেক সদস্য সচিব মোঃ মুকুল হোসেন, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী ও বড়হর ইউনিয়নের সাবেক যুগ্ম আহŸায়ক সাখাওয়াত হোসেন সাবু এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নিদের্শপ্রাপ্ত উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোঃ আবু হাসান অভি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ খোকন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ জালাল উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ গত ২ মে রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃংখলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উল্লিখিত নেতৃবৃন্দের সদস্যপদ স্থগিত ও স্ব স্ব সংগঠনকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নিদের্শনা দেওয়া হয়।