বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদ্‌যাপন | Daily AjKaler Kontho

বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদ্‌যাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদ্‌যাপন

শেখ মোঃ দীন ইসলাম ,ব্যুরো চীফ ময়মনসিংহ : মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ব্যবস্থাপনায় সকাল ১০টায় শহরের কেন্দ্রস্থল থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শ্রমিক, শ্রমিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। সভাপতিত্ব করেন মুফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই টেকসই উন্নয়নের পূর্বশর্ত। সরকার শ্রমিকবান্ধব নীতিমালার মাধ্যমে এ লক্ষ্য অর্জনে কাজ করছে।” তিনি নিরাপদ কর্মপরিবেশ গঠনে নিয়োগকারী প্রতিষ্ঠান, শ্রমিক এবং সরকার—তিন পক্ষের সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক নেতারা। আলোচনা শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।