নওগাঁয় দুদকের অভিযানে রাস্তার কাজে মিললো অসংগতি; প্রকৌশলীর অস্বীকার | Daily AjKaler Kontho

নওগাঁয় দুদকের অভিযানে রাস্তার কাজে মিললো অসংগতি; প্রকৌশলীর অস্বীকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৫, ৫:০২ অপরাহ্ন
নওগাঁয় দুদকের অভিযানে রাস্তার কাজে মিললো অসংগতি; প্রকৌশলীর অস্বীকার

মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি) : নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় রাস্তার কাজে অসংগতি পাওয়া গেছে বলে জানান দুদক কর্মকর্তা। অন্যদিকে অভিযোগের কোনো সত্যতা মেলেনি বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী।

মঙ্গলবার (২৯এপ্রিল) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, দুদকের সদস্যরা নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী কার্যালয় থেকে চলমান কিছু প্রকল্পের ফাইলপত্র তল্লাশি করেন। পরে সুনির্দিষ্ট অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পাওয়ায় সদর উপজেলার দুইটি রাস্তার কাজ পরিদর্শন করেন। এসময় কাজের কিছু অসংগতি পান তাঁরা।

অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা সাংবাদিকদের বলেন, ‘রাস্তার কাজে নিম্ন মানের ইট, খোয়া, বালু ব্যবহার করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে দুইটি চলমান কাজ পরিদর্শন করা হয়। পরে রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে রাস্তার প্রশস্তকরণ ও গভীরতা শিডিউল অনুযায়ী পাওয়া যায়নি। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও রেকর্ডপত্র ও তথ্য সংগ্রহ করেছি। পরবর্তীতে তথ্য পর্যালোচনা করে আইনি সুপারিশসহ কমিশনে পাঠানো হবে।’

এ বিষয়ে নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে দুদকের সদস্যরা এসে সদর উপজেলা দুটি রাস্তার কাজের নথিপত্র চাইলে তাদের ফটোকপি করে দেওয়া হয়। পরে রাস্তা দুটি পরিদর্শন করলে অভিযোগের কোনো সত্যতা মেলেনি।’