
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত লোকজনের হামলায় ডান হাতের কব্জি হারিয়েছেন ফকির মিরাজুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতা। এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
কব্জি হারানো ফকির মিরাজুল ইসলাম লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য। অপর আহত দুজন হলেন, মিরাজুল ফকিরের ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইমরান ফকির (৪৭) এবং বাবুল শরিফ (৩৪)
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে এড়েন্দা বাজারে মিরাজ ফকিরের সাথে প্রতিপক্ষ আওয়ামী লীগের রওশন কাজী গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। এরপর বেলা ১টার দিকে সারুলিয়া গ্রামে মিরাজুল ইসলাম ফকিরের বাড়ির ওপর গিয়ে হামলা চালায় প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীরা। হামলাকালে মিরাজ ফকিরের ডানহাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ছাড়াও সাথে থাকা ইমরান ফকির ও বাবুল শরীফকেও কুপিয়ে যখম করে। পরে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার পর অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :