
স্পোর্টস ডেস্ক : চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। এমএলএসের সর্বশেষ ম্যাচে বদলি হয়ে মাঠে নেমে গোল করে ইন্টার মায়ামিকে জিতিয়েছিলেন তিনি। তবে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে পুরো সময় মাঠে থেকেও দলকে জেতাতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি।
আজ (৩ এপ্রিল) বিএমও স্টেডিয়ামে স্বাগতিক লস অ্যাঞ্জেলস এফসির কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। চলতি বছর এটাই প্রথম হার লিওনেল মেসি-হ্যাভিয়ের মাশ্চেরানোদের। আর্জেন্টাইন কোচের অধীনেও ১০ ম্যাচে এটাই প্রথম হার মায়ামির। আগামী ৯ এপ্রিল ফোর্ট লডারডেলে ফিরতি লেগে মাঠে নামবে দুই দল।
ম্যাচের প্রথমার্ধে দুটি ফ্রি কিক পেয়েছিলেন মেসি। কিন্তু কাঙ্খিত জালের নাগাল পাননি আটবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা। ফ্রি কিকের একটি মেরেছেন পোস্টের ওপর দিয়ে, আরেকটি রুখে দেন এলএএফসির গোলকিপার হুগো লরিস। বিপরীতে দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে এলএএফসির হয়ে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড নাথান ওরদাজ।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফাউল থেকে আরও একটি ফ্রি কিক পায় মায়ামি। কিন্তু মেসি এ যাত্রায়ও পোস্টের ওপর দিয়ে শট নেন। ফলে সেমির পথে একধাপ পিছিয়ে থেকেই দ্বিতীয় লেগে মাঠে নামবে মায়ামি। এদিকে ম্যাচে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে ফিরতি লেগে সার্জিও বুসকেতসকেও পাবে না মায়ামি।
আপনার মতামত লিখুন :