লালমনিরহাটে তুচ্ছ ঘটনা মসজিদে হাসাহাসির জেরে দু’পক্ষের সংঘর্ষ, আ*হত ৮ | Daily AjKaler Kontho

লালমনিরহাটে তুচ্ছ ঘটনা মসজিদে হাসাহাসির জেরে দু’পক্ষের সংঘর্ষ, আ*হত ৮


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন
লালমনিরহাটে তুচ্ছ ঘটনা মসজিদে হাসাহাসির জেরে দু’পক্ষের সংঘর্ষ, আ*হত ৮

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে তুচ্ছ ঘটনা মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আ*হত হয়েছেন। এ ঘটনায় ৪জনকে আ*টক করেছে সদর থানা পুলিশ। গত শুক্রবার (৭মার্চ) সন্ধ্যায় সদরের তেলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।। এসময় মৃত্যুর গুজবে ভাংচুর করা হয় দুটি বাড়ি। এদের মধ্যে আহত সালাম (৪০) ও ছেলে সেজান (২২) এবং রোহান (২০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সেজানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গত ৭মার্চ শুক্রবার রাত ৮ টার দিকে শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় ওই সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। পরে সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করা হয়।

আটককৃতরা হলেন ঐ এলাকার সফিকুলের চার ছেলে জিয়া (২১), শাহিন (২৭), সজীব (২৫), ও সৈকত (২০)।

এলাকাবাসীরা জানান, জুমার নামাজের সময় মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় জিসান ও সজিবের। সেসময় জিসানকে মারধর করে সজিব ও তার সাথের কয়েকজন। ছিনিয়ে নেয় তার মোবাইল। প্রতিবাদ করতে গেলে জিসানের বাবার ওপরও চড়াও হন তারা।

পরে সন্ধ্যায় মোবাইল ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে আবারও মারধর করা হয় জিসানকে। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হামলা চালিয়ে সজীবের বাড়িঘর ভাঙচুর করে। আহত হন কয়েকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। গুরুতর আহত দুজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ জনকে আটক করে থানায় পাঠিয়ে দেন। এসময় গুরুতর আহত সেজান মারা গেছেন এই গুজব খবরে স্থানীয়রা ক্ষোভের বসে শাহিন ও আলামিনের বাসায় ভাঙচুর চালালে সদর থানার ওসি নুরুনবী‍‍`র সাহসী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে রাতে সেনবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীদের সাথে কথা বলে চলে যান তারা।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুনবী জানান, জুম্মার নামাজের সময় হাসাহাসির একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র সিনিয়র কিশোরদের মধ্যে বাগবিতণ্ডা হয় পরবর্তীতে তাদের মধ্যে সংঘর্ষ হলে গুরতর তিনজন আহত হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।