একাত্তরে শেখ মুজিব, আর ২৪ নেতা কর্মী নিয়ে পালিয়েছে হাসিনা: নিতাই রায় চৌধুরী | Daily AjKaler Kontho

একাত্তরে শেখ মুজিব, আর ২৪ নেতা কর্মী নিয়ে পালিয়েছে হাসিনা: নিতাই রায় চৌধুরী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন
একাত্তরে শেখ মুজিব, আর ২৪ নেতা কর্মী নিয়ে পালিয়েছে হাসিনা: নিতাই রায় চৌধুরী
মিলন বিশ্বাস (সাতক্ষীরা প্রতিনিধি): বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, একাত্তরে পালিয়েছিলো শেখ মুজিব আর ২৪ নেতা কর্মী নিয়ে পালিয়েছে শেখ হাসিনা। ফ্যাসিস্ট  শেখ হাসিনাসহ শতশত এমপি মন্ত্রী পালিয়ে গেলেও বিদেশের মাটিতে বসে এখনো ষড়যন্ত্রের জাল বুনছে। দেশকে একটি কঠিন বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। যদিও এষড়যন্ত্রে কিছুই করতে পারবে না। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে সাতক্ষীরা জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
জনসভার আগে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানার-ফেসটুনসহ বিভিন্ন স্লোগান নিয়ে মিছিলসহকারে জনসভা স্থলে যোগ দেয়। হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের জনসভা স্থল কানায় কানায় ভরে উঠে।
নিতাই রায় চৌধুরী বলেন,  ছাত্র-জনতার আন্দোলনে তাদের মানুষ রুখে দিয়েছে। আজকে দেশ গড়ার সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে।  ‘আগামী সরকার বিএনপিই গঠন করবে এবং সব সমস্যার সমাধান করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। তার হাত ধরে সব ক্ষেত্রে পরিবর্তন আসবে। তাই আগামীতে বিএনপি সরকার গঠন করবে।
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা দাবির মধ্যেই সকল সংস্কারের কথা বলা হয়েছে। তাই, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করবেন না। কারণ পার্লামেন্ট ছাড়া সংস্কার সম্ভব নয়। আর জনগণকে ক্ষমতায় আনতেই বিএনপি দ্রুত নির্বাচন চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরেই স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর এই নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।