রাণীনগরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ | Daily AjKaler Kontho

রাণীনগরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন
রাণীনগরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইট ভাটা শ্রমিকদের কয়েকটি মোবাইল ও একটি স্লাই রেন্স চুিরর অভিযোগে মারপিট করে মাথার চুল ন্যাড়া করে দেওয়ার ঘটনার ৩দিন পর ভূক্তভোগী সজীব বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে শনিবার রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বলছে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার নগর ব্রীজ এলাকার শহিদুলের ইট ভাটার কয়েক জন শ্রমিকের পর্যায়ক্রমে প্রায় ৫টি মোবাইল ফোন চুরি হয়ে যায়। বৃহস্পতিবার সকালে শ্যালো মেশিন মেরামতের একটি বড় স্লাই রেন্স ভাটা থেকে হারিয়ে যায়। এমন ঘটনা বারবার ঘটার কারণে একরামুল সহ অন্য শ্রমিকদের সন্দেহের তীর ওই ভাটার আরেক শ্রমিক সজীবের দিকে। বৃহস্পতিবার সকাল ৯টায় একরামুল নামের এক শ্রমিক সরদার সজীবকে এই চুরি যাওয়া ঘটনার জিজ্ঞাসাবাদে এক পর্যায় ওই ভাটার ম্যানেজার রয়েলসহ ৪/৫জন মিলে সজীবকে মারপিট করে। চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই ভাটার ম্যানেজার রয়েল স্থানীয় নগর ব্রীজ বণিক সমিতির সভাপতি আব্দুল জলিলের হাতে সজীবকে তুলে দেয়।

সেখানেও চড়থাপ্পর মেরে ফোনগুলো উদ্ধারের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এর মধ্যে ঘটনাস্থলে শতশত জনতা উপস্থিত হয়। সজীবের বিরুদ্ধে প্রচোলিত আইনগত ব্যবস্থা গ্রহণ না করে বণিক সমিতির সভাপতি আব্দুল জলিল স্থানীয় নাপিত প্রদীপের সেলুনে নিয়ে গিয়ে শাস্তি স্বরুপ সজীবের মাথার চুল ন্যাড়া করে দেয়। এঘটনায় শনিবার সজীব বাদী হয়ে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পরপরই রাণীনগর থানা পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোসলেম উদ্দিন জানান, ফোন চুরির অপবাদে সজীব নামে এক ভ্যান শ্রমিকের মাথা ন্যাড়া করে দেওয়া ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করা হয়েছে। সত্যতা পেলেই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।