
আজকালের কন্ঠ ডেস্ক : বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।গত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. জিন্নাতুল ইসলাম তালুকদার তাকে আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার আবেদন করেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা থেকে ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে আটক করে পুলিশে দেয় ছাত্র-জনতা।
ইয়াহইয়া চৌধুরী এহিয়া ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আসনটিতে নিজেদের প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এমপি নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।
পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ওই আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।
আপনার মতামত লিখুন :