সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

মিলন বিশ্বাস, (সাতক্ষীরা প্রতিনিধি) : সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে এক ব্যবসায়ীর পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনা ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ চুপড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অজ্ঞান অবস্থায় থাকা চারজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—দক্ষিণ চুপড়িয়া গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী মুজিবর রহমান (৫৫), তার স্ত্রী মেহেরুন্নেছা (৪৫), মেয়ে ফারজানা আক্তার (২৫) ও জামাতা মনির খান (৩০)।

ভুক্তভোগী মুজিবর রহমানের ভাইপো মেহেদী হাসান জানান, তার চাচার খালিদ এন্টারপ্রাইজ নামে বাড়ির পাশে একটি সার ও কীটনাশকের দোকান রয়েছে। রোববার রাত ১১টার পর চাচা-চাচি, চাচাতো বোন ও দুলাভাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন।

রাত ৩টার দিকে পরিবারের অন্য সদস্যরা দুই বছর বয়সী শিশু মোবাশ্বের রহমান অসুস্থ হয়ে পড়ায় মুজিবর রহমানকে ডাকতে গিয়ে দেখেন, কেউ সাড়া দিচ্ছেন না। পরে দেখতে পান, বাড়ির ওয়ারড্রপ, আলমারি ও শোকেজ ভাঙা, ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন জিনিসপত্র। দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে পুরো পরিবারকে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

তবে এখনো পর্যন্ত লুট হওয়া সম্পদের পরিমাণ নির্ধারণ করা যায়নি, কারণ মুজিবর রহমান এখনও চেতনা ফিরে পাননি।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অসীম কুমার সরকার জানান, ভুক্তভোগীদের চেতনা কবে ফিরবে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে মনির খানের শিশু সন্তান সওদামনি আশঙ্কামুক্ত রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।