
আজকালের কন্ঠ ডেস্ক : ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে। চার ধাপ এগিয়ে বর্তমানে রয়েছে ৯৩তম অবস্থানে। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। এই তিন দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন।
গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে।
জানা গেছে, সূচকের প্রথম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৩টি দেশ ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
অন্যদিকে, সূচকের তৃতীয় অবস্থানে রয়েছে ৭টি দেশ। দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
সূচকের তৃতীয় অবস্থানের ন্যায় ৪র্থ অবস্থানেও আছে ৭টি দেশ। দেশগুলো হলো লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও বেলজিয়াম। এই সাতটি দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
এ ছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে তিনটি দেশ—গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। আর সূচকে ষষ্ঠ অবস্থানে থাকা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ১৮৬টি দেশে।
অপরদিকে, সপ্তম অবস্থানে থাকা কানাডা, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ডের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাবেন। সূচকে অষ্টম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও এস্তোনিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ১৮৪টি দেশে।
সূচকে নবম অবস্থানে রয়েছে ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্র। এই পাঁচ দেশের পাসপোর্টধারীরা ১৮৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
আপনার মতামত লিখুন :