দিনাজপুর মেডিকেলে হাসপাতালে আগুন | Daily AjKaler Kontho

দিনাজপুর মেডিকেলে হাসপাতালে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
দিনাজপুর মেডিকেলে হাসপাতালে আগুন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে হাসপাতালের চতুর্থ তলায় পুরুষ ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি বেড এবং অক্সিজেনের লাইন পুড়ে গেছে।ফায়ার সার্ভিস জানায়, ওয়েলডিংয়ের কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার নির্মাণ কাজ চলছিল। সেখানে শুক্রবার বিকেলে দরজা-জানালার গ্রিলের কাজ চলছিল।

এ সময় আগুনের স্ফুলিঙ্গ চতুর্থ তলার বারান্দায় পড়ে। এতে বারান্দায় পড়ে থাকা ফোমসহ পরিত্যক্ত কিছু জিনিসপত্রে আগুন ধরে যায়। আগুন দ্রুত চতুর্থ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। এতে রোগী ও তাদের স্বজনেরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে।

এ সময় পুরো ওয়ার্ড আগুনের ধোঁয়ায় ছেয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রক পরিদর্শক আব্দুল মালেক বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে কয়েকটি বেড এবং অক্সিজেনের লাইন পুড়ে গেছে। যে কক্ষটিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, সেটি ইউনিট ওয়ান (সাদা) কক্ষ, যেখানে ২১ জন রোগী ছিলেন। রোগীরা নিরাপদে আছেন।