পুলিশের অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকার সহ গ্রেফতার ১ | Daily AjKaler Kontho

পুলিশের অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকার সহ গ্রেফতার ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
পুলিশের অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকার সহ গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি : চুরি যাওয়া প্রায় ১১ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ এবং এর সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পিরোজপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এর সঠিক দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মুকিত হাসান খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেনের তদারকিতে মঠবাড়িয়া থানার এসআই দীপঙ্কর দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ফরিদ হাওলাদার (২৭) নামে একজনকে আটক করে এবং তার হেফাজতে থাকা প্রায় ১১ ভরি চোরাই স্বর্নালংকার উদ্ধার করে। গ্রেফতারকৃত ফরিদ হাওলাদারের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামে।

উল্লেখ যে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের নাসরিন সুলতানার বাড়িতে গত বছরের ০৪ সেপ্টেম্বর চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন মঠবাড়িয়া থানায় মামলা রুজু করে মামলা তদন্তের জন্য এসআই দীপঙ্কর দাস কে দায়িত্ব দেন।

এসআই দীপঙ্কর দাস সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্হল পরিদর্শন করে আসামি ঝুমা আক্তার (২৬) কে গ্রেফতার করে। আসামির দেওয়া তথ্য মতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা এলাকায় প্রায় ১১ ভরি স্বর্ণালংকার সহ আসামিকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় নিয়ে আসে।

গত বৃহস্পতিবার উক্ত আসামিকে আদালতে প্রেরণ করা হলে সে চুরির দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে।