চোর পালানোর সময় পুলিশের ধাওয়া, হোঁচট খেয়ে কনস্টেবলের মৃ-ত্যু | Daily AjKaler Kontho

চোর পালানোর সময় পুলিশের ধাওয়া, হোঁচট খেয়ে কনস্টেবলের মৃ-ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
চোর পালানোর সময় পুলিশের ধাওয়া, হোঁচট খেয়ে কনস্টেবলের মৃ-ত্যু

কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লায় হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসা একটি চুরির মামলার আসামি পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে গিয়ে সড়কে ছিটকে পড়ে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

গত মঙ্গলবার (২৮ জানয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে সরকারি কলেজ রোডে এ ঘটনা ঘটে।মারা যাওয়া পুলিশ কনস্টেবলের নাম মহিউদ্দিন (৫৯)। তিনি পাশের মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে। চলতি বছরেই তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।

রাত পৌনে ১১টার দিকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন মো. ইলিয়াস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, দেবিদ্বার উপজেলার বারুর এলাকায় চুরির ঘটনায় রুবেল মিয়া নামের একজনকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করেন। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। থানায় আনার পর অসুস্থ বিবেচনায় পুলিশ সদস্যরা ওই চোরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে গেটে একটি অটোরিকশা থেকে তাঁকে নামানোর সময় সে চিকিৎসা না নিয়েই দৌড়ে পালিয়ে যায়।

এ সময় তাঁকে আটক করতে পুলিশ সদস্য মহিউদ্দিন পিছু নেন। একপর্যায়ে মহিউদ্দিন রাস্তায় পড়ে যান। তাঁকে উদ্ধার করে একই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোক করে মারা গেছেন। বুধবার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।