চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই ও তার সহযোগী গ্রেপ্তার | Daily AjKaler Kontho

চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই ও তার সহযোগী গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই ও তার সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম ব‍্যুরো : চট্টগ্রামে উচ্চমাত্রার আসক্তি তৈরি করা মাদকদ্রব্য আইসসহ আলমগীর হোসেন নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরীর চকবাজার থানার মেহেদী বাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় মেহেদী হাসান নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। আলমগীর হোসেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখায় সহকারী উপ-পরির্দশক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরের মেহেদী বাগ এলাকা থেকে ১৬০ গ্রাম আইসসহ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চকবাজার থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, মাদকসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।