
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কৃষি অফিসের বিভিন্ন প্রকল্পের তথ্য জানতে চেয়ে সাংবাদিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি মেলা, কনদল প্রকল্প, প্রণোদনা কর্মসূচিসহ অন্যান্য প্রকল্পের আয়-ব্যয়ের হিসাব দিতে কয়েকবার দিন দিয়েও দিচ্ছেন না উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার।
প্রকল্পগুলোর বরাদ্দকৃত অর্থে অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ে কৃষকদের দাবি এবং মানববন্ধনে এসব প্রকল্পে দুর্নীতির ইঙ্গিত পাওয়া গেছে। সাংবাদিকরা তথ্য চাইতে গেলে ফারজানা আক্তার তথ্য প্রদান থেকে বিরত থাকছেন এবং “দেব দিচ্ছি” বলে সময়ক্ষেপণ করছেন।
একাধিক কৃষক দাবি করেছেন, এসব প্রকল্পে প্রাপ্ত সুবিধা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। বরাদ্দকৃত অর্থ কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ না হওয়া, উপকরণ সরবরাহে ঘাটতি, এবং অনিয়মিত কার্যক্রমের অভিযোগও উঠে এসেছে।
উল্লেখ্য, তথ্য অধিকার আইন অনুযায়ী যেকোনো সরকারি প্রকল্পের তথ্য জনগণের জানার অধিকার রয়েছে। এ বিষয়ে সাংবাদিকরা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নড়াইলের কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক (ডিডি) মো: জসিম উদ্দিন এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, নড়াইলে আমি নতুন এসেছি। এ বিষয়ে আমি আপাতত কিছু বলতে পারছি না।আপনারা লোহাগড়া কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সাথে কথা বলেন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, তথ্য প্রদানে কৃষি অফিসের এ ধরনের গাফিলতি গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে। দ্রুত এ বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তারা মন্তব্য করেছেন।
আপনার মতামত লিখুন :