মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ | Daily AjKaler Kontho

মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৫, ৮:০১ অপরাহ্ন
মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত এবং মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত।

আজ সোমবার(৬জানুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাজারের খড়পট্টি ও উত্তরা ডিগ্রি কলেজ এলাকায় এসব মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত সাবেক ইউপি সদস্য মজিবর রহমান (৮৫) দেলুয়াবাড়ি বাজারের বাসিন্দা এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। আহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পালপাড়া এলাকার গৌতম দে’র ছেলে শুভ দে (২৮) ও নজিপুর সদরের নিত্যগোপাল কর্মকারের ছেলে লাল কর্মকার (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক ইউপি সদস্য নিহত মজিবর রহমান বেলা ১১টার দিকে নিজ বাসা থেকে একটি মোটরসাইকেলে বাসস্ট্যাণ্ডের দিকে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী মোটরসাইকেলটি মহাসড়কে ওঠা মাত্রই ফেরিঘাটের দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মজিবর রহমান মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অন্যদিকে মোটরসাইকেল যোগে শুভ দে ও লাল কর্মকার রাজশাহী থেকে নিজ এলাকা নজিপুরে ফিরছিলেন। পথিমধ্যে উত্তরা ডিগ্রি কলেজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শুভ দে’র একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে মান্দা ফায়ার ডিফেন্সের কর্মিরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।