মসজিদে এসি বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২০ | Daily AjKaler Kontho

মসজিদে এসি বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২০, ৯:১০ অপরাহ্ন
মসজিদে এসি বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২০

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুল সালাত মসজিদে এসি বিস্ফোরণে ঘটনায় এবার চলে গেলেন মসজিদের ইমাম। তার নাম মো. আব্দুল মালেক (৬০)। তার সঙ্গে মারা গেছেন মিজান (৩০) নামে আরও একজন। এ নিয়ে মোট ২০ জনের মৃত্যু হলো।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

তিনি জানান, নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৩টা থেকে বিস্ফোরণে মৃত ১৭ জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন।

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ভর্তির পর ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, এ পর্যন্ত ৩৭ মুসল্লিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হ‌য়ে‌ছে। তা‌দের সবারই ডিপ বার্ন রয়ে‌ছে। ত‌বে শতাংশের হিসেবে কোন রোগীর কতটুকু বার্ন হ‌য়ে‌ছে তা তাৎক্ষ‌ণিক বলা যা‌চ্ছে না। প্রাথ‌মিকভা‌বে বলা যায়, কেউ শঙ্কামুক্ত নয়।