নওগাঁয় পৌষপার্বণ উপলক্ষে চার দিনব্যাপী বউ মেলা শুরু | Daily AjKaler Kontho

নওগাঁয় পৌষপার্বণ উপলক্ষে চার দিনব্যাপী বউ মেলা শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
নওগাঁয় পৌষপার্বণ উপলক্ষে চার দিনব্যাপী বউ মেলা শুরু

মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি) : নওগাঁর রানীনগরে পৌষ-পার্বণ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পৌষ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চার দিনব্যাপী বয়লাগারী মেলা বা ‘বউ মেলা’ শুরু হয়েছে।

গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে বউ মেলায় উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। বিশেষ করে জামাই-মেয়েরা মেলায় এসে একসঙ্গে প্রয়োজনীয় কেনাকাটা করছেন। মেলায় বড় আকারের মাছ ও মিষ্টির দোকানে কেনাকাটা বেশি। উন্মুক্ত স্থানে মেলা হওয়ায় দর্শনার্থীরা অবাধে চলাফেরা করছেন। সকাল থেকে এই মেলাতে নারী-পুরুষ, কিশোর-কিশোরী নানা বয়সের মানুষ দলবেঁধে আসতে দেখা যায়।

জানা গেছে, উপজেলার পারইল ইউনিয়নের বিলকৃষ্ণপুর গ্রামের মাঠে একটি গারী ছিল, যার নাম বয়লাগারী। ওই গারীতে গ্রামবাসী নূরু মিঞার নেতৃত্বে শতাধিক বছর আগে কয়েকটি গাছ লাগানো হয়। তার পরের বছর থেকে কোনো রকম ঘোষণা ছাড়াই পৌষ পার্বণ উপলক্ষে পৌষ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বয়লাগারী নামক স্থানে স্বল্প পরিসরে মেলা বসতে শুরু করে। সে মেলাই এখন সময়ের ব্যবধানে জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে।

মেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান বাচ্চু জানান, একশ বছর আগে থেকে আমাদের গ্রামের মাঠের মধ্যে এই মেলা হতো। গ্রাম থেকে বেশি দূরে হওয়ার কারণে গত কয়েক বছর ধরে আমরা মেলাটা গ্রামের পাশে নিয়ে আসা হয়েছে। এতে করে মেলায় আসা দর্শনার্থীরা খুব সহজেই যাতায়াত করতে পারবেন। আজকের মেলার বিশেষ আকর্ষণ জামাই-মেয়ের মেলা। তাদের সাধ্যমতো মেলায় কেনাকাটা করে শ্বশুরবাড়ি যাচ্ছেন। এই মেলা উপলক্ষে আমাদের গ্রামের প্রতিটি বাড়ি মেয়ে জামাইসহ অন্যান্য আত্মীয়স্বজনে ভরা।

রানীনগর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, ‘বয়লাগারী মেলা শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনার জন্য স্থানীয় কমিটির পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’