কলাপাড়ায় স্লুইসগেট নির্মাণে বাঁধার প্রতিবাদে সমাবেশ | Daily AjKaler Kontho

কলাপাড়ায় স্লুইসগেট নির্মাণে বাঁধার প্রতিবাদে সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ৩:১৭ অপরাহ্ন
কলাপাড়ায় স্লুইসগেট নির্মাণে বাঁধার প্রতিবাদে সমাবেশ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামে স্লুইসগেট নির্মাণে বাঁধা দেয়ায় এক মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পৌরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি.এম.মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমরেড নাসির উদ্দিন,কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), কৃষক অমল ঘরামী।

পরে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বক্তারা বলেন’ উপজেলার নিলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামে কৃষকের স্বার্থে নির্মাণাধীন একটি স্লুইসগেট বন্ধ করার পায়তারা চালাচ্ছে একটি চক্র। যা কল্যাণকর নয়। একটি স্বার্থান্বেষী মহল মাছ চাষের স্বার্থেই স্লুইসগেট নির্মাণে বাঁধা প্রদান করে আসছে। এর পরিনতি ভালো হবে না বলেও তারা সতর্ক করেন। এছাড়া ৪০ কেজিতে ধানের পরিমাপ সহ সকল প্রকার খাল, বিল, জলাশয় দখলমুক্ত করারও দাবী করেন তারা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক আতাজুল ইসলাম।