
আজকালের কন্ঠ ডেস্ক : পটুয়াখালীর উপকূলে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে সোনালি ধানে দুলছে হাজারও কৃষকের রঙিন স্বপ্ন। দীর্ঘ সময়ের অপেক্ষা ও পরিশ্রমের ফল অবশেষে দেখতে পেয়েছেন কৃষকরা। ফলে কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক।
কলাপাড়া উপজেলাটি প্রধানত উপকূলীয় এলাকা। যেখানে লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজ অনেক সময় ঝুঁকির মধ্যে থাকে। এ বছর বর্ষা মৌসুমে যথাসময়ে বৃষ্টি থাকায় ভালো ফসল উৎপাদন হয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৭০০ হেক্টর। ইতোমধ্যে ২৫ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন চাষাবাদ শেষে অনেক জায়গায় ধান কাটা শুরু হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী কিছু প্রয়োজনে ২০২৩-২৪ কর্মসূচির আওতায় উপকূলের ১ হাজার ৮৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি ধানবীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কৃষক শাহেদ আলী বলেন, এবার যে পরিমাণ ফলন হয়েছে, তা গত কয়েক বছরের চেয়ে অনেক বেশি। এই বাম্পার ফলন আমাদের জীবনমানের উন্নতি ঘটাবে এবং পরবর্তী মৌসুমে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে চাষাবাদ করতে পারবো।আরেক কৃষক খলিল সিকদার বলেন, এবার ফসল অনেক ভালো হয়েছে। এখন ন্যায্যমূল্য নিশ্চিত হলে কৃষকেরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।
আপনার মতামত লিখুন :