রাজধানীতে আবারও চলবে নগর পরিবহন | Daily AjKaler Kontho

রাজধানীতে আবারও চলবে নগর পরিবহন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
রাজধানীতে আবারও চলবে নগর পরিবহন

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানী ঢাকায় আবারও নগর পরিবহন সার্ভিস চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। আগামী বছরের মার্চ নাগাদ পরিকল্পিত রুটে এ সার্ভিসের যাত্রা শুরু হতে পারে। পরিকল্পনা মোতাবেক, এ পরিবহনে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করা যাবে র‍্যাপিড পাসও।

আজ রোববার (১০ নভেম্বর) ডিটিসিএ প্রকল্প পরিচালক ধ্রুব আলম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে ধাপে ধাপে কাজ এগিয়ে যাচ্ছে। ঢাকার ৪২টি রুটেই আবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাস মালিকরাও এ বিষয়ে সাড়া দিয়েছেন। ৪০টিরও বেশি কোম্পানি থেকে প্রায় সহস্রাধিক বাসের আবেদন পৌঁছেছে ডিটিসিএতে।’

সদিচ্ছার অভাবেই আগের প্রকল্প সফল হয়নি উল্লেখ করে ধ্রুব আলম বলেন, সরকার পরিবর্তন হওয়ায় এখন আবার নড়েচড়ে বসেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পকে বাস্তবসম্মত করা হচ্ছে এবার।

পরিকল্পনা অনুযায়ী, একটি রুটে একটিমাত্র কোম্পানির বাসই চলবে। বিষয়টি উল্লেখ করে ডিটিসিএ প্রকল্প পরিচালক বলেন, যেখানে সেখানে কেউ ওঠা-নামা করতে পারবে না। আমরা চেষ্টা করছি সবগুলো বাসে জিপিএস ট্র্যাকিং থাকবে। বাসের অসুস্থ প্রতিযোগিতা হবে না।’