হোমনায় শিক্ষকের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন | Daily AjKaler Kontho

হোমনায় শিক্ষকের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ন
হোমনায় শিক্ষকের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আকবর হোসেনের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ জনগন।

রোববার (২০ অক্টোবর) বেলা ১টার দিকে হোমনা – মুরাদনগর সড়কের কাশিপুর বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা আকবর হোসেনের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।

জানাগেছে, গত ১১ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগর হত্যার ঘটনায় বাছিরুল ইসলাম বাদী হয়ে রাজধানী সুত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় হোমনা উপজেলার কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আকবর হোসেন ও তার চাচাতো ভাই, জিয়া, বাবুল ও স্বপনকেও আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে হোমনা উপজেলার কালিপুর গ্রাম থেকে আকবর হোসেন সহ চারজনকে গ্রেফতার করে সূত্রাপুর থানায় প্রেরণ করে সেনাবাহিনী।
মানববন্ধনে বক্তারা বলেন, সহকারি শিক্ষক আকবর হোসেন রাজনীতির সঙ্গেও জড়িত নয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। সে গ্রামের বাড়িতে থাকেন। এ ঘটনার সময় সে এলাকাতেই ছিলেন। কিন্তু মামলায় তাদের পরিবারের চারজনের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে।

এ দিকে আকবর হোসেনের পরিবারের লোকজন জানান, স্থানীয় এক ছাত্রদল নেতার ব্যাক্তিগত আক্রোশ মেটাতে তার যোগসাজসে তাদেরকে এই মামলায় আসামী করা হয়েছে।

এ বিষয়ে হোমনা সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শরিফুল ইসলাম মুঠোফোনে জানান, গ্রেফতারকৃত আকবর হোসেন, জিয়া,বাবুল ও স্বপন ঢাকার সূত্রাপুর থানায় দায়ের কৃত মামলায় এজহার নামীয় আসামী।শুক্রবার বিকালে আসামীদের সুত্রাপুর থানায় প্রেরণ করা হয়েছে। কোন নিরীহ ও নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।