অবৈধ দখলকৃত ১৫৫ একর জমি উদ্ধার | Daily AjKaler Kontho

অবৈধ দখলকৃত ১৫৫ একর জমি উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৪, ৪:২৯ অপরাহ্ন
অবৈধ দখলকৃত ১৫৫ একর জমি উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) জবরদখল করা ১৫৫ দশমিক শূন্য ৯ একর জমি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জোনের রামু রাবার বাগানের ১৬ একর, রাউজান রাবার বাগানের ৬১ একর, হলদিয়া রাবার বাগানের ১ দশমিক ৫০ একর, দাঁতমারা রাবার বাগানের শূন্য দশমিক ১০ একর এবং রাউজান-রাঙ্গুনিয়া রাবার বাগানের ১১ একর জমি উদ্ধার হয়েছে। এ ছাড়াও সিলেট জোনের রূপাইছড়া রাবার বাগানের ২৩ দশমিক ৭৪ একর জমিও উদ্ধার করা হয়েছে।

ডাবুয়া রাবার বাগানের ১০ একর, কাঞ্চননগর রাবার বাগানের ১৩ একর ও রাঙ্গামাটিয়া রাবার বাগানের ১৮ দশমিক ৭৫ একর জমি জবরদখলমুক্ত করা হয়।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় এসব জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এ জমিতে রাবার বাগান সৃজনের কাজ চলছে। এ ধরনের জমি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।