সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৩:১৪ অপরাহ্ন
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

মিলন বিশ্বাস(সাতক্ষীরা) : সাতক্ষীরা শহরের পলাশপোল ঐতিহ্যবাহী মনসা তলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সর্পদেবী মা মনসা ও বিশ্বকর্মা ও পূজা অনুষ্ঠিত হয়েছে। মনসাতলা মন্দির কমিটির আয়োজনে মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকালে শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ের বটতলাস্থ মনসাতলায় এই পূজা অনুষ্ঠিত হয়। মনসা পূজা উপলক্ষে পলাশপোল মোড়ে দূর দূরান্ত থেকে আসা দোকানিরা নানা পরশা ও মিষ্টি মিটাই সাজিয়ে বসেছেন।মনসা পূজায় পূজা অর্চনা করেন পুরোহিত তাপস চক্রবর্তী।

সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের এই দিনে ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলার উদ্বোধন করা হয়। কিন্তু এ বছর গুড় পুকুর মেলার কোনো উদ্যোগ নেই সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষের।

এবারের পূজার দায়িত্বে থাকা পুরোহিত তাপস চক্রবর্তী জানান, ৪শ বছরের বেশি সময় ধরে এইস্থানে ভক্তরা মনস্কামনা পূরনের জন্য মা মনসার পূজা করতে আসেন। এছাড়া শহরের স্বর্ণকারপট্টি সহ বিভিন্ন স্থানে ভাদ্রের শেষ সংক্রান্তিতে দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ কামনায় বিশ্বকর্মা পূজা করা হয়। বিশ্বকর্মাকে শিল্পসমূহের প্রকাশক, অলংকার শিল্পের স্রষ্টা হিসেবে ভক্তরা তার কৃপা লাভের আশায় এদিনে পূজা করেন। শতশত বছর ধরে মা মনসার পূজা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।