তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেফতার | Daily AjKaler Kontho

তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৪, ৮:০১ পূর্বাহ্ন
তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেফতার

আজকালের কন্ঠ ডেস্ক :  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে তৌফিক-ই-ইলাহীকে গ্রেফতার করা হয়েছে। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে ডিবি কর্মকর্তা রেজাউল বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেগুলো যাচাই করে দেখা হচ্ছে।

এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেফতার করে। এ দুজন ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানার দুটি পৃথক হত্যা মামলার আসামি।

সাবেক আমলা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী আত্মগোপনে ছিলেন।