জেল থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেপ্তার | Daily AjKaler Kontho

জেল থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন
জেল থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : সম্প্রতি কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালানো ২৫ মামলার আসামি আলোচিত সামিরুল মন্ডলকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।

তিনি বলেন, গেল রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা থেকে পলাতক আসামি সামিরুল মন্ডলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সামিরুল দুর্ধষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি-মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫ মামলা রয়েছে।

তিনি আরও বলেন, সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। তাকে কুষ্টিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে। শেখ হাসিনা সরকারের পতনের একদিন পর গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে এই সামিরুলসহ ৯৮ জন কারাবন্দি পালিয়ে যান।

ওইসব পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ র‌্যাবের অভিযান চলমান থাকবে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।