
খান মাহাদী :- চুরি, ডাকাতি, দুর্নীতি, ঘুষ আগেও ছিল এখনও আছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কী?
আমরা আগের মতই আছি! ভালো কাজের সঙ্গে খারাপ কাজ এখনও ঠিক আগের মতই করে চলেছি। একটি বিষয় ভালো লাগছে তা হলো আর যাই হোক অন্যরা এখন আর আমাদের সম্পদ লুটপাট করছে না।
যেমন অতীতে ব্রিটিশ, পরে পাকিস্তান আমাদের সব কিছু লুটে নিয়েছে। কিন্তু এখন অন্যরা নয়, আমাদের নিজেদের লোকেরাই আমাদেরকে দিব্বি ঠকিয়ে, ফাঁকি দিয়ে, অন্যায় অত্যাচার করে লুটেপুটে সব কিছু ভোগ দখল করছে। এসব দেখে কিছুটা ভালো লাগছে।
এক্ষেত্রে দেশ স্বাধীন করে আমরা কিন্তু ভালো করেছি। এমনটি ধারণা নিয়ে মনকে সান্ত্বনা দিয়ে দিনগুলো পার করে আসছি।
বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পাচার হয় সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডসহ আরও অনেক দেশে।
এটা জানার পর বাংলাদেশের সম্পর্কে আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। বিশ্বের যেসব দেশ টাকা পাচার করে বিদেশের ব্যাংকগুলোতে রাখে, বর্তমানে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা, এরা রাজাকার বা বেঈমানদের চেয়েও অধম। আজ স্বাধিনতার সুফল তুমি কোথায়?
কারণ প্রথমে দুর্নীতি এবং পরে এর মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করে দেশটিকে ধ্বংস করা। এতবড় ক্রিমিনাল আমাদের দেশের মানুষ হতে পারে জানার পর মনটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। তারপরও আমি বিশ্বাস হারাইনি আমার দেশের মানুষের প্রতি এবং দেশের প্রতি।
কারণ কী জানেন? তারা দুর্নীতি করতে করতে কোনো এক সময় খারাপের শেষ প্রান্তে গিয়ে পৌঁছবে। তখন আর অন্য কোনো পথ খোলা থাকবে না। এই সব পথভ্রষ্ট মানুষ নামের দানবেরা তখন আর্তনাদ করবে বাঁচাও বাঁচাও বলে। তখন আমরা তাদের সব কিছু ক্ষমা করে সোনার বাংলায় ঠাঁই দেবো।
আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করেন, আমরা তো তারই বান্দা। এখন প্রশ্ন কীভাবে আমরা ভালো মানুষ হতে পারি? আমাদের মতামত ভিন্ন হতেই পারে তাতে কোনো সমস্যা নেই। তবে দেশটিকে রসাতলে দিতে আমরা কেউই চাইবো না।
তাহলে যারা এটা করছে তারা কি জেনে শুনে এটার সঙ্গে জড়িত? তারা কি জানে না যে দেশের অর্থ বাইরে পাচার করা ঠিক না? বাংলাদেশের উন্নতি মানেই কিন্তু আমাদের উন্নতি, এটা ভুলে গেলে চলবে না। আসুন সবাই মিলে আমরা যার যার জায়গা থেকে নিজেকে চেনার চেষ্টা করি।
আপনার মতামত লিখুন :