গাইবান্ধায় বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গাইবান্ধায় বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৪, ৪:২৪ অপরাহ্ন
গাইবান্ধায় বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহ করার সময় বাধা দেয়ার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত করেছেন ‘রেসকিউ ফোর্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ রবিবার( ২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রেসকিউ ফোর্সের স্বেচ্ছাসেবীরা বলেন, গত শনিবার সকালে বন্যার্তদের সহযোগিতা করার জন্য আমরা অর্থ সংগ্রহে বের হই। এসময় বেলা ১২টার দিকে শহরের কাচারি বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সাবেক সমন্বয়ক’ পরিচয়ে কয়েকজন আমাদের অর্থ সংগ্রহে বাধা দেয়। সেইসঙ্গে তারা আমাদের নানাভাবে হেনস্থা করে। তাই আমরা এ কর্মসূচি থেকে ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা আরও বলেন, দুপুরে এ হামলার ঘটনার পর বিকেলে ‘গণ উত্তরণ ডট কম’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে আমাদের কার্যক্রমের বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর একটি সংবাদ প্রকাশ করা হয়। আমরা উদ্দেশ্যপ্রণোদিত এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

স্বেচ্ছাসেবীরা বলেন, হড়কা বন্যার কারনে বিপর্যস্ত যখন দেশের ১১ জেলা, তখন আমরা শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ‘রেসকিউ ফোর্স’ নামে একটি সংগঠন শুরু করি। এ সংঠনের ব্যানারে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবার জন্য অর্থ সংগ্রহ শুরু করি। প্রথম দিনেই আমরা বাধার পরেও সর্বস্তরের মানুষের ভালো সাড়া পেয়েছি। দিনশেষে আমরা ৪২ হাজার ৪৪৭ টাকা সংগ্রহ করেছি। আমরা অর্থ সংগ্রহ শেষে সংগৃহীত ত্রাণের অর্থ আমরা নিজেরাই দুর্গত এলাকায় গিয়ে বিতরণ করবো।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ‘রেসকিউ ফোর্সের ‘ স্বেচ্ছাসেবী ফেরদৌসী আক্তার লুনা, শাকিল আহম্মেদ, নিলয় চন্দ্র দাস, ওয়ারেছ মন্ডল রাঙ্গা ও ইমন সরকার।