ফেনসিডিলসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩ | Daily AjKaler Kontho

ফেনসিডিলসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন
ফেনসিডিলসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জে ২৮১ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ভুট্টাবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে।

গতকার মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জেলার সলঙ্গার বাগীচাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার উত্তর বত্রিশ হাজারী গ্রামের মো. কছর আলীর ছেলে মো. মফিজুল ইসলাম (৩০), কাশিরাম গুড়াতিপাড়া গ্রামের মৃত জহির আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৪) ও সুতিধার গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো. সুমন মিয়া (২৯)।

বুধবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সলঙ্গার বাগীচাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযান পরিচালনাকালে ২৮১ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ভুট্টা বোঝাই ১টি ট্রাক, ৪টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬শ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।