রাজধানীর দীর্ঘ যানজটে নাকাল যাত্রী ও পরিবহন চালকরা | Daily AjKaler Kontho

রাজধানীর দীর্ঘ যানজটে নাকাল যাত্রী ও পরিবহন চালকরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ন
রাজধানীর দীর্ঘ যানজটে নাকাল যাত্রী ও পরিবহন চালকরা

সিটি রিপোর্টার মো:হা-মীম : ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্মিলিত অবরোধে দীর্ঘ যানজট

রাজধানীতে মঙ্গলবার সৃষ্ট দীর্ঘ যানজটে নাকাল হয়ে পড়েছেন যাত্রী ও বিভিন্ন পরিবহন চালকেরা। সকাল থেকেই রাজধানীর শ্যামপুর, গুলিস্তান, হানিফ ফ্লাইওভারসহ আশপাশাশের এলাকা জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। প্রায় প্রতিটি সড়কে যানবাহনের দীর্ঘ লাইনে থাকা যাত্রী ও চালকদের নাভিশ্বাস উঠেছে। গুলিস্তান হানিফ ফ্লাইওভার ও নিচের সড়ক থেকে শুরু হওয়া যানজটের দীর্ঘ লাইন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলো দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার তাদের আন্দোলনে সহমত জানিয়ে রাস্তায় নামছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। রাজধানীর সবচেয়ে ব্যস্ততম সড়ক বলে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। তার প্রভাবে গুলিস্তান মতিঝিল হানিফ ফ্লাইওভার যাত্রাবাড়ী শনির আখড়া রায়ের বাগ তীব্র যানজট তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টার দিকে রাজধানীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ ও আন্দোলন শুরু করেন। পরবর্তীতে আশেপাশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে এসে যোগ দেয়। দুপুর সাড়ে ২ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিলো। এতে রাজধানীর সবচেয়ে ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম সড়কে তীব্র যানজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন।