শিক্ষার্থীদের দেওয়া স্লোগানের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত | Daily AjKaler Kontho

শিক্ষার্থীদের দেওয়া স্লোগানের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৪, ১:০১ অপরাহ্ন
শিক্ষার্থীদের দেওয়া স্লোগানের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত

নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নিজেদের রাজাকার দাবি করে কোটা আন্দোলনকারি শিক্ষার্থীদের দেওয়া স্লোগানের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬ টা নাগাদ ঘণ্টাব্যাপী মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নকারী পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নেত্রকোনা শহরের ছোট বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচি চলাকালে ‘স্বাধীনতার চেতনা, লুণ্ঠিত হতে দিব না’, ‘যে বলে সে রাজাকার, এই পরিচয়টা লজ্জার’ শ্লোগান দেওয়া হয়।

সাইফুল্লাহ ইমরানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, অধ্যাপক ভজন সরকার, সাংবাদিক শ্যামলেন্দু পাল, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি আনোয়ার জহির লিটন, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী বলেন, মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে এ ধরণের শ্লোগান রাষ্ট্রদ্রোহিতা। আমরা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি কুলাংগার তৈরীর জন্যে নয়। যারা নিজেদেরকে রাজাকার বলে তারা কোন রক্তের উত্তরাধিকারী তা এলাকায় এলাকায় খুজে বের করে এদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে উদীচী, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের কর্মীরা অংশ নেন।

এদিকে সোমবার সন্ধ্যায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ সভা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট ও সদর উপজেলা ইউনিট কমান্ড ও সন্তান কমান্ড।

এসময় অন্যান্যরাও মুক্তিযোদ্ধাদের সাথে প্রতিবাদ প্রতিরোধে মিলিত হয়। এসময় নানা ধরনের রাজাকার বিরোধী বক্তব্য দেন।