
নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুুয়ায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে হালিম মিয়া নামে এক জুয়াড়ি নিখোঁজ রয়েছেন।
গত সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কান্দিউড়া ইউপির তাম্বূলিপাড়া এলাকার কৈজানি নদীতে এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, অভিযানে কোনো জুয়াড়ি নিখোঁজ হননি। আর হালিম মিয়ার স্বজন ও জুয়া খেলার সঙ্গীদের দাবি, জুয়ার বোর্ডে পুলিশের অভিযানে গ্রেপ্তার এড়াতে হালিম মিয়া নদীতে ঝাঁপ দেয়।পরে তিনি পাড়ে উঠতে পারেননি।
নিখোঁজ হালিম মিয়া উপজেলার সান্দিকোনার আবদুল হামিদের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তাম্বূলিপাড়ায় কৈজানি নদীতে ট্রলারে জুয়া খেলার খবর পেয়ে পুলিশ জুয়ার বোর্ডে হানা দেয়। এ সময় জুয়াড়িরা নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে হালিম (৩৫) নামে এক যুবক নিখোঁজ হন।
নিখোঁজ হালিমের স্ত্রী সানু আক্তার বলেন, ‘ হালিমের সঙ্গীরা জানান, নৌকায় পুলিশের অভিযান এড়াতে সে নদীতে ঝাঁপ দিয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা গতকাল সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেননি।’ কেন্দুুয়া থানার ওসি মো. এনামুল হক বলেন, জুয়াড়ির মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা সাঁতরে তীরে ওঠেন। গ্রেপ্তার আসামিদের তথ্য অনুযায়ী কেউ নিখোঁজ হননি।
আপনার মতামত লিখুন :